ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল বেলা ২টার দিকে ইপিজেড মোড়ে শুরু হওয়া বিক্ষোভে এক্সেলশিওর স্যুজ লিমিটেড নামে একটি জুতা তৈরি কারখানার কয়েকশ শ্রমিক অংশ নেন। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
ইপিজেড এলাকার বাসিন্দারা জানান, বেলা ১টা থেকেই বেশকিছু শ্রমিক ইপিজেড মোড়ে অবস্থান নেন। পরে তাদের সংখ্যা বাড়লে ২টার দিকে সড়কে নেমে আন্দোলন শুরু করেন। যদিও তারা সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করছিলেন। ঈদের আগে চাকরি হারানো শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতন দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যদের সেখানে দেখা যায়।
চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ঈদের আগে বিভিন্ন অভিযোগে জুতা কারখানা থেকে বেশকিছু শ্রমিক ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করেন। ছাঁটাই করা শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ছিল। এজন্য তাদের ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের সড়ক থেকে সরে গিয়ে কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন।










