আরাকান সংগঠনকে ঘিরে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ভিডিও আমরা দেখতে পেয়েছি। এসব ভিডিওর সব সত্য না আবার মিথ্যাও না। মিয়ানমারের আরাকান আর্মি অনেকদিন ধরেই ফাইট করতেছে। তাদের অনেক কিছুতেই সত্য-মিথ্যা থাকতে পারে। সেগুলো পর্যালোচনা করে দেখতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার। আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি-রফতানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয় আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে আপনাকে বুঝতে হবে। এটার সমাধানে চেষ্টা চলছে। আর সীমান্ত পুরোপুরি রক্ষিত আছে।

চট্টগ্রামের রাউজানের হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ফটিকছড়ি, রাউজান, পটিয়া ও সাতকানিয়া এলাকা হলো পাহাড় ও সমতল সংমিশ্রণ। এখানকার সমস্যা অন্যান্য এলাকার চেয়ে ডিফারেন্ট। আমরা এ ব্যাপারে আলাপ করছি, এখানে সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায়। প্রকাশ্যে কেউ যদি করে থাকে আমি আপনাদের সামনে বলে গেলাম আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে যৌথবাহিনীর অভিযান কোনো অবস্থায় কমেনি। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে।