অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. এমএম আকাশ বলেছেন, ‘আপনাকে দিয়ে আর কিছু হবে না। সংস্কার, বিচার নিয়ে আপনার কর্মকাণ্ড মানুষের মধ্যে আশা জাগাতে পারছে না। আপনি বরং টালবাহানা না করে নির্বাচন দিয়ে বাঘের পিঠ থেকে নেমে যান। সেটা আপনার জন্যও মঙ্গল, দেশের জন্য, জাতির জন্যও মঙ্গল।’
গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার ত্রয়োদশ জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. এমএম আকাশ বলেন, ‘শেখ হাসিনার পতনের পর ছাত্রদের ইচ্ছায় ড. ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেয়ায় দেশের রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিয়েছিল। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল, আপনি গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে রাষ্ট্রক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিন। কিন্তু আমরা দেখলাম, ড. ইউনুস সে পথে গেলেন না, তিনি অপ্রত্যক্ষভাবে রাজনৈতিক দল বানানোর কৌশল নিলেন। বন্দরকে বিদেশীদের হাতে দেয়ার প্রক্রিয়া শুরু করলেন। করিডোর দেয়ার উদ্যোগ নিলেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘এ সরকার সংস্কারের নামে সাত হাজার পৃষ্ঠার দলিল রচনা করেছে। এ অবস্থায় দেশের মানুষ নির্বাচন নিয়ে হতাশ হতে লাগল, নির্বাচন হবে কি হবে না, সেই প্রশ্ন দেখা দিল। প্রশ্ন উঠল, ইউনূস কার, কোন অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন?










