কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের দুই সদস্যকে।

গতকাল রোববার (২৬ মার্চ) বিকেলে টেকনাফের বৈদ্যঘোনা গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করার খবর জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান। তিনি জানান, গত ২৫ মার্চ আমান উল্লাহ (১৯) ও তার বন্ধু সিরাজুল মোবিন (১৮) ফজরের নামাজের উদ্দেশে বের হলে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃতদের উদ্ধারের পাশাপাশি নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন কাবিলা (২২) নামে দুজনকে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি রামদা, ২৫ ফুট শেকল, ৮টি তালা, ২টি চাবির ছড়াসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।