নতুন করে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্ত হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিএসসির এ জাহাজ দুটি কেনার প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন পেয়েছে। বিএসসি ৫৪ বছরের ইতিহাসে প্রথম নিজস্ব অর্থে জাহাজ কিনছে। ফলে বিএসসির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আয়ও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক। গতকাল চট্টগ্রাম নগরীর বিএসসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘গত জুনে বিএসসির নিজস্ব অর্থায়নে এ দুটি বাল্ক ক্যারিয়ার কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। মোট আটটি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করলেও জমা পড়ে তিনটি। যাচাই-বাছাই করে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়। ১২ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ৯৩৬ কোটি টাকায় জাহাজ দুটি কেনার প্রস্তাব অনুমোদন হয়। প্রতিষ্ঠানটি চীনের নেন ইয়াং শিপইয়ার্ড থেকে জাহাজগুলো সরবরাহ করবে। নতুন জাহাজ এলে বছরে আনুমানিক ১৫০ কোটি টাকা বাড়তি আয় হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে বিএসসির বহরে পাঁচটি জাহাজ রয়েছে, যার মধ্যে তিনটি তেল পরিবহনকারী ট্যাংকার ও দুটি সাধারণ পণ্যবাহী বাল্ক জাহাজ। নতুন দুটি বাল্ক ক্যারিয়ার যুক্ত হলে মোট জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৫৫-৬৬ হাজার টন। নতুন দুই জাহাজে ১৫০ জন নাবিকের কর্মসংস্থান তৈরি হবে। জাহাজের নির্মাণ কাজের একটির প্রায় ৯০ ও অন্যটির ৫০ শতাংশ শেষ হয়েছে। চুক্তি স্বাক্ষরের আগে জাহাজ দুটির অবস্থা সরেজমিন পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টার নেতৃত্বে বিএসসির একটি চার সদস্যের দল ২২ সেপ্টেম্বর চীন সফর করবেন।

এ সময় বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জি. মোহাম্মদ ইউসুফ, সচিব আবু সাফায়াত্ মুহম্মদ শাহেদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।