রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা পল্টন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির প্রধান নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গতকাল বিকাল থেকেই সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। ১ ঘণ্টার বেশি সময় ধরে চলা এ কর্মসূচির ফলে চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিস ছুটির সময় ব্যস্ত ওই এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, ‘বিক্ষোভ কর্মসূচির জন্য পল্টন মোড়ের চারটি সড়কই বন্ধ হয়ে যায়। এ সময় যান চলাচলে তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিশেষ করে অফিস ছুটির পরে যানজট আরো তীব্র আকার ধারণ করে। প্রায় ঘণ্টাখানেক তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।’
গত ৩০ আগস্ট সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়ায় জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ ঘটনায় তাৎক্ষণিক মশাল মিছিলের ডাক দেয় গণঅধিকার পরিষদ। রাত সাড়ে ৯টায় মশাল মিছিল কর্মসূচি শেষে বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের লাঠিপেটা করে। তাতে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনায় নিন্দা জানায়। পরদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় নূরের দলের নেতাকর্মীরা। হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে। হামলার ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এদিকে গত শনিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ৩২টি রাজনৈতিক দল এবং জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সভা-সমাবেশের জন্য জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহারের অনুরোধ জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে জনদুর্ভোগ এড়াতে যান চলাচলের স্থানে সভা-সমাবেশ না করে সুবিধাজনক বিকল্প স্থানে কর্মসূচির আয়োজনের অনুরোধ করছি। রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী নারী, মুমূর্ষু রোগী হাসপাতালে যথাসময়ে পৌঁছতে পারে না। এ অবস্থা থেকে উত্তরণ অত্যন্ত জরুরি।’










