বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে আমরা কিছুটা উদ্বিগ্ন। কিছুসংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ সেসব দুরভিসন্ধি কখনই সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।’
গতকাল সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এ কথাগুলো বলেন। আজ ঠাকুরগাঁও জেলা বিএনপির ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতাকর্মীদের নামে ৭৫টির বেশি মামলা হয়। এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। তাদের আদালতে হাজিরা দিতে হয়েছে। জেলে যেতে হয়েছে। গ্রেফতার এড়াতে ধানখেতে লুকিয়ে থাকতে হয়েছে। একটা অরাজনৈতিক, অগণতান্ত্রিক ও নিষ্ঠুর পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিএনপিকে সময় পার করতে হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি, সেই ঠাকুরগাঁওয়ের বিএনপি এখন উজ্জীবিত। আমরা আশা করছি, অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় জিনিস হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন, যা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের বিষয়, সম্ভাবনার বিষয়। আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে নতুন দিগন্তের সূচনা হবে।’
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহসভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










