টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় কালভার্ট ধসে পড়েছে। গতকাল সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে নগরের বায়েজিদ বোস্তামী সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করলেও যানজট সৃষ্টি হচ্ছে।
বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, বুধবার রাত থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়। রাতে স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটি ডেবে গেছে। দুর্ঘটনা এড়াতে পুলিশের একটি টিম সেখানে কাজ করছে।
১৯৮০ সালে শীতল ঝরনা খালের ওপর কালভার্টটি নির্মাণ করা হয়। সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত করার কারণে ওই সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, শীতল ঝরনা খালের ওপর কালভার্ট নির্মিত হয় ১৯৮০ সালের দিকে। ওই সময়ের নকশায় করা কালভার্টটি অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝরনা খাল প্রশস্ত করার পর আরো বেশি ঝুঁকি তৈরি হয়। কেননা ওই সময় খালের প্রশস্ততা বেড়ে গিয়েছিল। এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছিল। এজন্য ৫ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে। দরপত্র বিজ্ঞপ্তি দেয়ার প্রক্রিয়া চলছে। দ্রুত সংস্কারের কাজ শুরু করবেন তারা।










