চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় এক যুবককে থানায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রদল, যুবদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার রাত ১২টার দিকে চকবাজার থানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, এক যুবককে থানায় হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবির জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুলিবিদ্ধসহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।