জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেয়া। এ আইডিয়া অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। শনিবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা কুলি-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সারজিস বলেন, শুনলাম আওয়ামী লীগের নাকি যারা ভালো নেতা ছিল, তাদের নাকি জাতীয় পার্টি এবারের নির্বাচনে মনোনয়ন দেবে। রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান (মোস্তাফিজার রহমান) দিচ্ছেন, এ আইডিয়া ভারতের দেয়া। এটা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না।

তিনি আরো বলেন, আমরা স্পস্ট করে বলি, এ বাংলাদেশে যারা ২০০৯-এ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় আমাদের আলেম ভাইদের ওপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই চব্বিশের অভ্যুত্থানে হাজারের বেশি ছাত্র-জনতাকে খুন করেছে, সেই খুনিরা এ বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারে না।

জাতীয় পার্টির গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবির বিষয়ে সারজিস বলেন, ‘তাদের (জাতীয় পার্টির) সাহস কীভাবে হয় গণ অধিকার পরিষদের মতো একটা দল নিষিদ্ধ নিয়ে কথা বলার। গণ অধিকার পরিষদের আমাদের নুর ভাই ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা। তার অনেক কাজের আমরা সমালোচনা করতে পারি, আমাদের দ্বিমত থাকতে পারে, এটা আলাদা হিসাব। কিন্তু শেখ হাসিনার সময়ে তার ছাত্রলীগ-আওয়ামী লীগ-যুবলীগের গুন্ডাদের মাইর খেয়ে রক্তাক্ত হয়ে রাস্তাঘাটে তাকে পড়ে থাকতে হয়েছে। তারা রাজপথ থেকে গণমানুষের সমন্বয়ে সংগঠিত হওয়া একটা দল।