চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অমান্য করে চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনার জাকির হোসেন গত ২১ ও ২৮ জুন কাস্টমস, ভ্যাট ও আয়কর দপ্তর খোলা রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রাখেন। এতে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয় এবং সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির শঙ্কা তৈরি হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের চিঠির ভিত্তিতে এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
চট্টগ্রাম বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত কার্যদিবসেও কাস্টমস কার্যক্রম চালু রাখার জন্য এনবিআর বিশেষ নির্দেশনা দিয়েছিল। তবে এনবিআরের অভ্যন্তরীণ বিবাদ এবং আন্দোলনের প্রেক্ষাপটে এই নির্দেশনার বাস্তবায়ন হয়নি। ফলে কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয় এবং বন্দরজুড়ে কনটেইনার জট তৈরি হয়।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের মোট আমদানি-রফতানির প্রায় ৯০ শতাংশ পরিচালিত হয়। কাস্টমস কার্যক্রম ব্যাহত হলে বন্দর অপারেশন ও রাজস্ব আদায়ে বড় ধরনের প্রভাব পড়ে।










