বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রার্থীরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সংগঠনের একাধিক ভোটার জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তারা বহিরাগতদের প্রতিরোধের শিকার হয়েছেন।
সংগঠনটির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী আহসান ইকবাল চৌধুরী মঙ্গলবার এ বিষয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর এজেডএম জালাল উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, মনোনয়নপত্র দাখিলের দিন বহিরাগতদের উপস্থিতি ও বাধার কারণে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে আমরা আমাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত।
শিপিং এজেন্টদের অনেকেই মনে করছেন, নির্বাচনকালীন সময়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার অভিযোগ অত্যন্ত অস্বস্তিকর বার্তা দিচ্ছে। বহিরাগতদের উপস্থিতি কিংবা ভীতি সৃষ্টি নির্বাচনের পরিবেশকে এরই মধ্যে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনী পরিবেশ অবাধ ও শান্তিপূর্ণ রাখতে সবার অংশগ্রহণ নিশ্চিত করার দাবি তুলেছেন তারা।
ইন্টারমোডাল পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে আমি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। কিন্তু একই দিনে আরো বেশ কয়েকজন ভোটার মনোনয়ন দাখিল করতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক আগ্রাবাদের মক্কা মদিনা টাওয়ারে বিএসএএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ব্যানার ঝুলিয়ে রাখেন এবং কিছু প্রার্থীর প্রতিনিধিদের আটকে দেন। আমরা চাই সবার অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক এবং সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হোক। তাই নির্বাচন পরিচালনা বোর্ডের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।’










