চট্টগ্রামের রাউজানে আবারো খুন হয়েছেন এক যুবদল কর্মী। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন যুবদল কর্মী মো. ইব্রাহিম (২৮)। দুপুর একটার সময় সদর ইউনিয়নের পূর্ব রাউজানের ৮ নম্বর ওয়ার্ডের গাজীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিমের বাবার নাম মোহাম্মদ আলম।
এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাতে দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়ায় যুবদলকর্মী মুহাম্মদ আবদুল্লাহ মানিক নামের আরেক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে তিনটি অটোরিকশায় করে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার মাথায় ও বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার বাবা মুহাম্মদ আলম ও চাচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল হালিমকে লক্ষ্য করেও গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গায়ে গুলি না লাগলেও পালাতে গিয়ে পড়ে তারা আহত হয়েছেন।
নিহত মুহাম্মদ ইব্রাহিমের বাড়ি আদর্শ গুচ্ছগ্রামে। ইব্রাহিম বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এক সন্ত্রাসীর নেতৃত্বে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানতে পেরেছি।










