চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট দারোগারহাট এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা মো. কলিম উদ্দিন (৩৮) নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাতের এ ঘটনায় নিহত কলিম উদ্দিন বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট দারোগারহাট বাজারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কলিমদের গ্রুপের সঙ্গে অপর একটি গ্রুপের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বুধবার রাত ৮টার দিকে প্রতিপক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কলিম ও তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কলিম ও সাদ্দাম। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কলিম উদ্দিন নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা। কলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।