ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চলছে ভোটগ্রহণ। এখন পর্যন্ত ভোটার উপস্থিতিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘমল্লার বসু। তিনি বলেছেন, ভোটার উপস্থিতি অব্যাহত থাকলে চমৎকার নির্বাচন হবে।
মেঘমল্লার বলেন, ভোটারদের অংশগ্রহণ ইতিবাচক। ভোটার উপস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে একটা চমৎকার নির্বাচন হবে। আমি ভোটারদের কাছে এই আহ্বান জানাতে চাই যে, ভোটের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। আপনারা যারা এখনো ভোট দিতে আসেননি, তারা প্লিজ আসুন। যারা ঢাকার বিভিন্ন এলাকায় আছেন, তারা ভোট দিতে আসুন। আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। যাকে ভোট দিতে চান, তাকেই দিন।
তিনি আরো বলেন, ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ পাওয়া যাচ্ছে। বড় দলগুলোর পক্ষে এক ধরনের পক্ষপাতের অভিযোগ মেনে নিয়েই আমরা মাঠে নেমেছি। অভিযোগ আসছেও। তবে প্রচণ্ড স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটাই আমরা চেয়েছিলাম। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জারি থাকলে আমরা একটি ভালো ফলাফল দেখতে পাবো।
কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে কিনা— এমন প্রশ্নের জবাবে মেঘমল্লার বলেন, কাঠামোগত প্রতিবন্ধকতা আছে। কিন্তু শিক্ষার্থীরা যদি ব্যাপকভাবে ভোট দিতে আসে তাহলে কোনো ম্যানিপুলেশন, কোনো ইঞ্জিনিয়ারিং সম্ভব হবে না। ৩০ হাজার শিক্ষার্থী ভোট দিতে আসলে লিফলেট দিয়ে আপনি কতজনকে ম্যানিপুলেট করবেন?










