সিরাজগঞ্জে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম (৭০) ও বাসচালকের সহকারী শুকুর আলী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুইঁয়াগাঁতী এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশী-নিশা পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম্বিয়া ও শুকুর ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।










