ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হয়েছে এশিয়া-প্যাসিফিক সামার প্রোগ্রাম ও ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এতে ১৭টি দেশের প্রায় ৬০ শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

১৯ থেকে ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে সামার প্রোগ্রাম এবং ২৪ থেকে ২৬ জুলাই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয় সংস্থা এইউএপির সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র, সুইডেন, জাপান, তুরস্ক, ভারত, নেপাল, পাকিস্তান, রাশিয়া, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা যোগ দেন।

সামার প্রোগ্রামে অংশ নেয়া শিক্ষার্থীরা সামাজিক ব্যবসা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মোবাইল সাংবাদিকতা বিষয়ে তিন ক্রেডিটের পাঠ্যক্রমে অংশ নেন। এছাড়া ছিল শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, মাঠভিত্তিক কাজসহ নানা সাংস্কৃতিক বিনিময়। অন্যদিকে, শিক্ষক উন্নয়ন কর্মসূচিতে এ অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।

২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লাউঞ্জে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। এরপর আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা ও গালা ডিনারে দেশী-বিদেশী অংশগ্রহণকারীরা একসঙ্গে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও জ্ঞানে বৈচিত্র্য আসে এবং বৈশ্বিক সংযোগ তৈরি হয়। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে।

—বিজ্ঞপ্তি