নানা আয়োজনে শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে নবীনদের বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী, একাডেমিক কাঠামো, আচরণবিধি ও বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। প্রতিটি বিভাগ নিজ নিজ বিষয়ের উপযোগী করে পৃথক অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আরো বিশ্ববিদ্যালয়ের ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী এবং আমন্ত্রিত অতিথি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার এ সময়ে নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পরামর্শ দেন। তারা বলেন, পড়াশোনা শুধু ভালো গ্রেড পাওয়ার জন্য নয়। বরং শেখার আনন্দ হিসেবে নিতে হবে। ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জীবনের পথ পাড়ি দিতে হবে।

নবীনদের জন্য বিশেষ আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার’ এর আয়োজিত ‘ক্লাব ফেয়ার’। এতে শিক্ষার্থীদের পরিচালনায় থাকা ২২টি ক্লাব স্টল স্থাপন করে নিজেদের কার্যক্রম উপস্থাপন করে ও নতুন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করে।

—বিজ্ঞপ্তি