ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ফল- ২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হয়েছে। এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওপেন অডিটোরিয়ামে আয়োজিত হয় ইনিশিয়েশন প্রোগ্রাম।
নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল তাদের আইইউবিএটির শিক্ষা ব্যবস্থা, সেবা ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত করানো, যাতে তাদের শিক্ষাজীবন আরো সহজ ও সমৃদ্ধ হয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তৃতা দেন কৃষি বিজ্ঞান কলেজের অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। এখানে সবুজ ক্যাম্পাস, খেলার মাঠসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে। একজন শিক্ষার্থী যেমন প্রাণবন্ত ও সমৃদ্ধ ক্যাম্পাস প্রত্যাশা করে, আইইউবিএটি ঠিক তেমন একটি বিশ্ববিদ্যালয়।’
এ সময় কানাডা থেকে আগত ভিজিটিং শিক্ষক টেলর ইউয়ার্থও শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। তিনি বলেন, আইইউবিএটি শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারে সফল হওয়ার জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের আন্তরিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে উচ্চশিক্ষার মানসম্মত চাহিদা পূরণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান। এ সময় বিভিন্ন কলেজের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সমন্বয়কারী, পরীক্ষার নিয়ন্ত্রকসহ প্রশাসনিক কর্মকর্তারা নিজেদের পরিচয় দেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের ইউনিট ও কর্মকাণ্ডের পরিচিতি তুলে ধরেন। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের ক্লাস নেয়া শিক্ষকদেরকেও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।
এর আগে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস ঘুরে দেখে। তারা শ্রেণিকক্ষ, ল্যাব, সেমিনার হল, ইনডোর গেমস রুমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করে।
—বিজ্ঞপ্তি










