কাগজের প্রাইসট্যাগ ব্যবহার বন্ধ করে দিচ্ছে বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। এর পরিবর্তে চেইন জায়ান্টটির স্টোরে ডিজিটাল সেলফ লেবেল ব্যবহার করা হবে। এক বিবৃতিতে সম্প্রতি এ ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।  

বিবৃতিতে বলা হয়, প্রতি সপ্তাহে পণ্যের মূল্য হালনাগাদ করে ওয়ালমার্ট। পেপার ট্যাগ ব্যবহার করে এ কাজ করতে কর্মীদের অন্তত দুদিন লেগে যায়। ডিজিটাল সেলফ লেবেল ব্যবহারের ফলে খুব অল্প সময়ে ট্যাগ পরিবর্তন করা যাবে। ওয়ালমার্টের মোবাইল অ্যাপে কয়েকটি ক্লিকের মাধ্যমে ১২ হাজারেরও বেশি পণ্যের মূল্য হালনাগাদ করা সম্ভব।   

ডিজিটাল লেবেল মূলত এক ধরনের চারকোনা স্ক্রিন, যা দেখতে প্রায় কাগজের প্রাইসট্যাগের মতো। এগুলো ব্যবহারের ফলে অনলাইনে অর্ডার করা পণ্য সরবরাহও আরো সহজ হবে বলে জানিয়েছে ওয়ালমার্ট। 

যুক্তরাষ্ট্রে প্রায় ৪ হাজার ৭০০টি স্টোর পরিচালনা করে ওয়ালমার্ট। ২০২৬ সালের মধ্যে কোম্পানির ২ হাজার ৩০০ স্টোরে ডিজিটাল লেবেলের আওতায় আসবে। এ তথ্য জানিয়েছেন ওয়ালমার্টের ট্রান্সফরমেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রেগ ক্যাথি।

সম্প্রতি বার্গারের ক্ষেত্রে ‘ডাইনামিক প্রাইসিং’ চালুর ঘোষণা দিয়েছিল ফাস্ট ফুড চেইন উয়েন্ডি। এ পদ্ধতিতে চাহিদা অনুযায়ী তাৎক্ষণিকভাবে দাম নির্ধারণ করা যায়। অর্থাৎ দিনের যে সময়গুলোয় বেচাকেনা বেশি হবে, তখন মূল্য বেড়ে যাবে। অন্যদিকে চাহিদা কম থাকলে দাম কমিয়ে দেয়া হবে। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। কেননা, এ ধরনের প্রাইসিংয়ের কারণে ক্রেতা থেকে কোম্পানিগুলো অতিরিক্ত অর্থ হাতিয়ে নিতে পারে। 

ওয়ালমার্টের এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ক্রেগ ক্যাথি। তিনি বলেন, ‘কখনই এমন হবে না যে ১ ঘণ্টা আগে কোনো পণ্যের দাম যা ছিল, ১ ঘণ্টা পরই তা পরিবর্তন হয়ে গেছে।’

ডিজিটাল লেবেল প্রসঙ্গে কোম্পানির মুখপাত্র ক্রিস্টিনা রদ্রিগেজ বলেন, ‘বর্তমানে প্রতি সপ্তাহে মূল্য হালনাগাদ করা হয়। ডিজিটাল লেবেল আসায় এখন তা প্রতিদিন করা যাবে। ব্যবসায়ীরা প্রতিদিন রাতে দাম হালনাগাদ করবেন। পরদিন দোকান বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওই দামে পণ্য বিক্রি হবে।’