এর মাধ্যমে এখন পর্যন্ত মোট ৬৬টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে প্রতিষ্ঠানটি।

সার্টিফিকেশন পাওয়া ব্রোকারেজ হাউজগুলো হলো এম্পেরর সিকিউরিটিজ অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড, গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড, মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড, এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড ও স্টক অ্যান্ড বন্ড লিমিটেড।

গতকাল ডিএসইর বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের হাতে ফিক্স সার্টিফিকেশন তুলে দেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাইয়িদ মাহমুদ জুবায়ের, উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান, জিশান মুহাম্মদ বিন হাসানসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএসই সূত্রে জানা গেছে, নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসভিত্তিক সংযোগের মাধ্যমে ব্রোকারেজ হাউজগুলোর নিজস্ব ওএমএস চালুর উদ্যোগ নেয়া হয় ২০২০ সালে। এ লক্ষ্যে ৯৩টি ব্রোকারেজ হাউজ নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন পরিচালনার জন্য ডিএসইতে আবেদন করে।

এরই ধারাবাহিকতায় গতকাল পাঁচটি প্রতিষ্ঠানসহ মোট ৬৬টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই। এর মধ্যে ৫৬টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, এপিআইভিত্তিক নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলে ব্রোকারেজ হাউজগুলোর লেনদেন ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভরতা বাড়বে। একই সঙ্গে অর্ডার প্রক্রিয়াকরণে দক্ষতা ও স্বয়ংক্রিয়তা বাড়ানোর পাশাপাশি পুঁজিবাজারের প্রযুক্তিগত সক্ষমতা আরো শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।