স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি, গবেষণা, উদ্ভাবন ও আর্থিক সাক্ষরতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এ চুক্তির মাধ্যমে ইউআইইউর শিক্ষার্থীরা দক্ষতা উন্নয়ন কর্মশালা, ইন্টার্নশিপ ও চাকরি মেলায় অংশ নেয়ার সুযোগ পাবে। এর ফলে শিক্ষা ও শিল্প খাতের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি হবে। এছাড়া ইউআইইউর শিক্ষক-শিক্ষিকারাও যৌথ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পাবেন। উভয় প্রতিষ্ঠান স্টার্টআপদের অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম ও উদ্ভাবনী প্রকল্পগুলোতে একসঙ্গে কাজ করবে। পাশাপাশি ইউআইইউর অ্যালামনাই ও কর্মীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা দেয়ার সুযোগও অন্বেষণ করা হবে।
বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কায়সার হামিদ বলেন, শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করে ভবিষ্যৎ নেতাদের ক্ষমতায়নই তাদের লক্ষ্য। ইউআইইউর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আরো শক্তিশালী জনশক্তি তৈরি করা সম্ভব হবে। এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাসেম মিয়া বলেন, ইউআইইউ সবসময় শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে এই চুক্তি স্নাতকদের কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবনের নতুন সুযোগ সৃষ্টি করবে। এটি ভবিষ্যৎ প্রস্তুত গ্র্যাজুয়েট গড়ে তোলার একটি পদক্ষেপ।
ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ অংশীদারত্বকে দীর্ঘমেয়াদি সহযোগিতার সূচনা হিসেবে দেখা হচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানিয়েছেন, শিক্ষার্থী, শিক্ষক ও সমাজের ক্ষমতায়নে এ চুক্তি ভূমিকা রাখবে।
—বিজ্ঞপ্তি










