ফল সেমিস্টার ২০২৫-এর নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৩৫ শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৯৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও সদস্য বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোখলেস উর রহমান বলেন, মাত্র একত্রিশ বছরে নর্থ সাউথ ইউনিভার্সিটি উচ্চশিক্ষার ক্ষেত্রে যে অবস্থান তৈরি করেছে তা অভূতপূর্ব। তাই এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করা এখন সময়ের দাবি।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, এনএসইউ বিশ্বমানের শিক্ষা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, এখানে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো মানুষ হতেও উদ্বুদ্ধ করা হয়।
অন্যান্য অতিথিদের মধ্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের সবচেয়ে যোগ্য শিক্ষকরা এনএসইউতে রয়েছেন।
এনএসইউ কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান শিক্ষার্থীদেরকে কেবল ক্যারিয়ারে সফল না হয়ে সমাজ ও দেশের জন্য অর্থবহ অবদান রাখার আহ্বান জানান।
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস ও বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিনরা নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
—বিজ্ঞপ্তি










