‘প্রোটেক্ট ইওর লাংস: আ সেমিনার অন লাং ক্যান্সার অ্যাওয়ারনেস’ শীর্ষক এ সেমিনার গতকাল বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত হয়।

ফুসফুস ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, সময়োপযোগী রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করাই ছিল সেমিনারের মূল উদ্দেশ্য। শিক্ষার্থী, শিক্ষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মধ্যে এ রোগ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেও এ আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ও বক্তা ছিলেন অনকোলজিস্ট ও স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট ও প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির মহাসচিব ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. কাজী মোস্তাক হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হোসাইন শাহরিয়ার।

সেমিনারের মূল আলোচনায় ফুসফুস ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ, প্রধান ঝুঁকির কারণ, প্রতিরোধমূলক কৌশল, রোগ নির্ণয় ও চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি এবং রোগীর চিকিৎসার ফলাফল উন্নয়নে প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা ফুসফুস ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, রোগ নির্ণয় ও রোগী ব্যবস্থাপনার বিষয়ে প্রমাণভিত্তিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ক্লিনিক্যাল অভিজ্ঞতা ও একাডেমিক শিক্ষার মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়।