রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ব্যবস্থা। মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকরা ডিজিটাল লেনদেনের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যাশলেস ক্যাম্পাস ব্যবস্থার উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে এটি চালু করা হলো। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নগদ অর্থের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে ও স্মার্ট আর্থিক সেবার প্রসার ঘটবে।
প্রকল্পটির আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পেমেন্ট গ্রহণের জন্য পয়েন্ট অব সেল মেশিন ও বাংলা কিউআর ব্যবস্থা করা হয়েছে। ফলে ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান থেকে শুরু করে প্রশাসনিক অফিসসহ সব জায়গাতেই ডিজিটাল লেনদেন করা সম্ভব হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একটি এক্সক্লুসিভ ডেবিট কার্ড, যা তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরো সহজ ও নিরাপদ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক রথীন কুমার পাল, পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শরাফত উল্লাহ খান ও রাফেজা আখতার কান্তা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাসে রূপান্তরিত করতে মাস্টারকার্ডের অংশীদার হতে পেরে তারা গর্বিত। তিনি বলেন, এটি আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ ও নির্বিঘ্ন লেনদেনের সুবিধা দেবে। এক্সক্লুসিভ স্টুডেন্ট ডেবিট কার্ড এই ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করবে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, আধুনিক ডিজিটাল পেমেন্ট সমাধান ও বিশেষ স্টুডেন্ট ডেবিট কার্ডের মাধ্যমে তারা শুধু ‘ক্যাশলেস বাংলাদেশ’ এর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন না। বরং উদ্ভাবনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করছেন। এতে দেশের ডিজিটাল অর্থনীতি আরো দ্রুত এগিয়ে যাবে।
উল্লেখ্য, বিশ্বের ২০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে মাস্টারকার্ড। নিরাপদ, সহজ, স্মার্ট ও সবার জন্য সহজলভ্য লেনদেনের সুযোগ দিতে প্রতিষ্ঠানটি নানা ধরনের ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করে আসছে। প্রযুক্তি, উদ্ভাবন ও অংশীদারিত্বের মাধ্যমে মাস্টারকার্ড ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রসমূহকে তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সহায়তা করছে।
—বিজ্ঞপ্তি










