অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত ‘সিএসই টেক ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা প্রযুক্তি, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সিএসই টেক ফেস্টের অংশ হিসেবে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আগমনের উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রোগ্রামিং কুইজ প্রতিযোগিতা ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোর্ডের সদস্য-সচিব মোঃ কামরুজ্জামান লিটু। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান অতিথি শামসুল আলম লিটন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভ স্কিল একজন শিক্ষার্থীর সফলতার চাবিকাঠি। তিনি বলেন, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষিত বেকারদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি মো. কামরুজ্জামান লিটু নবীনদের উৎসাহ দিয়ে বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার করলে তরুণরা বিশ্বের চ্যালেঞ্জ জয় করতে পারবে।
চীফ একাডেমিক এডভাইজর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। সভাপতিও বলেন, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় থেকে দক্ষতা নিয়ে বের হয়। রিসোর্স পারসন অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন থিওরি ও প্র্যাকটিক্যাল বিষয়গুলোতে প্রস্তুতির গুরুত্ব বোঝান।
সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও প্রযুক্তিভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও নানামুখী উন্নয়নে সহায়ক হবে।
দিনের সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও পারফরম্যান্সের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করে।
—বিজ্ঞপ্তি










