নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অফ হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সায়েন্সেস (এসএইচএসএস) ‘ছদ্মবেশের আড়ালে সংকট: খেলাপি ঋণের রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণ’ শীর্ষক সেমিনার আয়োজন করে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এসএইচএসএস সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এনএসইউ এসএইচএসএস ফ্যাকাল্টি সেমিনার সিরিজের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অর্থনীতি-আগ্রহীরা। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে ছিলেন ড. একেএম ওয়ারেসুল করিম, যিনি অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও স্কুল অফ বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন হিসেবে কর্মরত আছেন।
সেমিনারটি পরিচালনা করেন আইন বিভাগের অধ্যাপক ও এসএইচএসএস এর বর্তমান ডিন ড. মো. রিজওয়ানুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বিভিন্ন ব্যাংক কর্তৃক যথাযথ নথিপত্র ও যাচাই ছাড়াই বৃহৎ অঙ্কের ব্যাংকঋণ অনুমোদনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অধ্যাপক ড. ওয়ারেসুল করিম তার আলোচনায় জর্জ স্টিগলারের ‘রেগুলেটরি ক্যাপচার থিওরি’ ব্যবহার করে বাংলাদেশে খেলাপি ঋণের ভয়াবহ পরিস্থিতিকে কিভাবে গোপন করা হয়েছিল তা বিশ্লেষণ করেন। ক্ষমতাশালী গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থরক্ষায় নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্রভাবিত করে বলেও অভিমত তার।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি ও ভারপ্রাপ্ত চিফ রিস্ক অফিসার মো. জাকির হোসেন। তিনি তার বক্তব্যে অধ্যাপক করিমের বক্তব্যকে সমর্থন করেন।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বিগত দশকগুলোতে বাংলাদেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর ধারাবাহিক ব্যর্থতার সমালোচনা করেন। সমাপনী বক্তব্যে তিনি তরুণ উদ্যোক্তাদের সামনে থাকা সম্ভাবনাগুলোর কথা উল্লেখ করেন। প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক করিমের সঙ্গে খেলাপি ঋণের দমন নীতির রাজনৈতিক ও অর্থনৈতিক ফলাফল ও বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন শিক্ষকরা।- বিজ্ঞপ্তি










