ইস্টার্ন ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউআইটিএম) এর মধ্যে একাডেমিক সহযোগিতার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান ইওআইতে স্বাক্ষর করেন। অন্যদিকে ইউআইটিএ এর পক্ষ থেকে অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. জুরাইদাহ মোহাম্মদ সানুসি স্বাক্ষর করেন।

এ সময় ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউআইটিএম এর পক্ষ থেকে ড. মুহাম্মদ নাজমুল হক, ড. মোহাম্মদ তৌফিক বিন মোহাম্মদ সুফিয়ান ও মিসেস লিলি মারদিয়াহ আদম মুদিন অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষক ও শিক্ষার্থীদের বিনিময় কর্মসূচি ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।

—বিজ্ঞপ্তি