মালয়েশিয়ার ফয়জুদ্দিন সেন্টার অব এডুকেশনাল এক্সিলেন্স এবং থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ডিইএফএফইউইউজেড কনসোর্টিয়াম চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষা ও উদ্ভাবনী সহযোগিতা আরো জোরদার হবে।

ইন্দোনেশিয়ার মেদানে আইসিওহোপ ২০২৫ সফরের সময় লেটার অব ইন্টেন্টে স্বাক্ষর করেন ড. মো. সবুর খান। তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ও সম্মেলনে উদ্ভাবন-চালিত দারিদ্র্য বিমোচন বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন।

সম্মেলনটির উদ্বোধন করেন পার্লিসের যুবরাজ এইচআরএইচ টিংকু সৈয়দ ফয়জুদ্দিনের ছেলে ইবনে টিংকু সৈয়দ সিরাজউদ্দিন জামালুল্লিল ও পার্লিস মেন্টেরি বেসার মোহাম্মদ শুকরি রামলি। এতে ২০টিরও বেশি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও উন্নয়ন নেতারা অংশ নেন।

ডিইএফএফইউইউজেড কনসোর্টিয়ামে ড্যাফোডিল ইউনিভার্সিটি, ফয়জুদ্দিন সেন্টার অব এডুকেশনাল এক্সিলেন্স (মালয়েশিয়া), ফাটোনি ইউনিভার্সিটি (থাইল্যান্ড), ইউনিভার্সিটাস উবুদিয়া (ইন্দোনেশিয়া), ইউনিভার্সিটাস মুহাম্মদিয়াহ সুমাতেরা উতারা (ইউএমএসইউ, ইন্দোনেশিয়া) এবং ইউনিভার্সিটাস ডেজট্রোন (ইন্দোনেশিয়া) অংশগ্রহণ করছে।

কনসোর্টিয়ামের মূল লক্ষ্য, যৌথ কর্মসূচির মাধ্যমে শিক্ষা বৃদ্ধি, ডিজিটাল উদ্ভাবন ও টেকসই গবেষণা চালু করা, আর্থ-সামাজিক ও স্বাস্থ্য উন্নয়নে সহায়তা করা, উদ্যোক্তা ও শিল্প সংযোগ জোরদার করা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। প্রতিটি প্রকল্প পারস্পরিকভাবে পর্যালোচনা করা হবে ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ভিত্তিতে সম্পদ সরবরাহ করা হবে। ভবিষ্যতে সমঝোতা স্মারকে সুনির্দিষ্ট কার্যক্রমের বিস্তারিত বর্ণনা থাকবে।

—বিজ্ঞপ্তি