বীমা খাতের তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
২০২৩ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৩০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ১৩ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে ৪ কোটি টাকা বা ৩০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৭ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ১৯ পয়সা।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৬৪ পয়সা। এর আগে ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫১ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ১৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ৮৯ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯ পয়সা। ২০২১ শেষে এনএভিপিএস দাঁড়ায় ২০ টাকা ৮৯ পয়সায়। আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৭০ পয়সা।
১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৩ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৭ কোটি ৮৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৫৮১। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪১ দশমিক ১১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ দর ছিল ২২ টাকা। গত এক বছরে এ শেয়ারের দর ১৯ টাকা ১০ পয়সা থেকে ৩২ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।










