স্কুল শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন-২০২৫। আগামী ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করবে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’। এতে অংশ নিতে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে গবেষণাপত্র ও ধারণাপত্র আহ্বান করা হয়েছে।
সম্মেলনে সারা দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা একক বা দলগতভাবে অংশ নিতে পারবে। ধারণাপত্রে সর্বোচ্চ তিনজন ও গবেষণাপত্রে সর্বোচ্চ চারজনের দল গঠন করা যাবে। বিজ্ঞানের পাশাপাশি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। অংশগ্রহণের জন্য গবেষণাপত্র ও ধারণাপত্র জমা দেয়ার শেষ সময় ৩১ আগস্ট। জমা দিতে হবে এই ঠিকানায়: https://chintarchash.org/young-researchers-conference-2025।
গবেষণাপত্র ও ধারণাপত্র জমার পর ৭ সেপ্টেম্বর প্রাথমিক বাছাই সম্পন্ন হবে। এরপর নির্বাচিতদের জন্য ৮ থেকে ১৪ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন চলবে। রেজিস্ট্রেশন ফি জন প্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্মেলনে অংশগ্রহণকারীরা মৌখিক উপস্থাপন ও পোস্টার উপস্থাপনের মাধ্যমে নিজেদের কাজ উপস্থাপন করবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে গাছের চারা বিতরণসহ নানা আয়োজন। বাংলা বা ইংরেজি যেকোনো ভাষায় গবেষণাপত্র ও ধারণাপত্র লেখা যাবে। নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী ‘কালপুরুষ’ ফন্ট ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে তা জমা দিতে হবে।
গবেষণাপত্রে থাকবে শিরোনাম, সারাংশ, ভূমিকা, কাজের পদ্ধতি, ফলাফল বিশ্লেষণ ও উপসংহার। অন্যদিকে, ধারণাপত্রে থাকবে শিরোনাম, বিষয়বস্তুর বর্ণনা, সমাধানের প্রস্তাবনা ও অনুমিত ফলাফল।
‘চিন্তার চাষ’ জানায়, প্রতিদিনকার জীবনের সমস্যা, মৌলিক চাহিদা, বৈশ্বিক সংকট কিংবা নতুন যন্ত্র উদ্ভাবনের ভাবনা নিয়ে শিক্ষার্থীরা কাজ জমা দিতে পারবে। আয়োজনে বাংলা ও ইংরেজি গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত রয়েছে বণিক বার্তা ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
এ বিষয়ে বিস্তারিত জানতে ও যোগাযোগ করতে বলা হয়েছে এই নম্বরগুলোতে: ০১৭১২১৪৭৫১৯, ০১৭১৭৪০০৮৭১, ০১৭৫৮৯৭৫০৫৪, ০১৬৩৬২৭৫৮৪৭। সম্মেলন সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে chintarchash.org ওয়েবসাইটে।
—বিজ্ঞপ্তি










