২০২৫ সালের প্রথম ছয় মাসের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা নির্ধারণে ‘অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ আয়োজন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। শনিবার (২ আগস্ট) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ। বিশেষ অতিথি ছিলেন পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম। সম্মেলনে আরো ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার ও এম এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার।
সম্মেলনে ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা মো. জাফর ছাদেক ২০২৫ সালের প্রথম ছয় মাসের ব্যবসায়িক ফলাফল ও সার্বিক তথ্যচিত্র তুলে ধরেন। এছাড়া করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন।
সভায় আলোচকরা জানুয়ারি থেকে জুন মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও অর্জনের মূল্যায়ন করেন। পাশাপাশি বছরের বাকি সময়ের জন্য নতুন পরিকল্পনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সম্মেলনে বক্তারা ব্যাংকের সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করাসহ ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
—বিজ্ঞপ্তি










