বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) উদ্যোগে শ্রম সংস্কার কমিশন-২০২৪ এর সুপারিশ বাস্তবায়নে করণীয় বিষয়ে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনগুলোর সঙ্গে দুদিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভার সমাপনী দিনে সভাপতিত্ব করেন যথাক্রমে জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহউদ্দীন আহমেদ এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর। উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশন-২০২৪ এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজেকুজ্জামান রতন, অ্যাডভোকেট একেএম নাসিম, সাকিল আখতার চৌধুরী ও তাসলিমা আখতার। সভা সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, বিলস পরিচালক কোহিনূর মাহমুদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ। সভায় কমিশনের প্রতিবেদনের সুপারিশের সংক্ষিপ্তসার উপস্থাপন করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও কর্মজগতের রূপান্তরের রূপরেখা বাস্তবায়নে করণীয় বিষয়ে নারী অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠন ও জাতীয় ট্রেড ইউনিয়নের নারী কমিটির নেতাদের সঙ্গেও একটি সভার আয়োজন করা যেখানে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং এ বিষয়ে করণীয় জানতে তথ্য গ্রহণ করা হয়। এছাড়া গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সঙ্গেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনের নেতারা জুলাই সনদে কমিশনের সুপারিশগুলোর প্রতিফলন রাখা এবং একটি স্থায়ী শ্রম কমিশন গঠনের উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন। পাশাপাশি নেতারা সুপারিশ বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন, যার মধ্যে রয়েছে- সুপারিশ বাস্তবায়নে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন, কমিশনের সুপারিশ সহজ ভাষায় সারা দেশের শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য লিফলেট, পোস্টারসহ বিভিন্ন প্রচার উপকরণ তৈরি ও ব্যাপক প্রচারণা করা, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক অধিকার সংগঠনগুলোর নিজেদের কর্মী ও সদস্যদের অবহিতকরণ, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অ্যাডভোকেসি ও প্রচারণা টিম গঠন, শ্রমক্ষেত্রের সব অংশীজন যেমন- সরকার, ব্রান্ড-বায়ার, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন সবার অংশগ্রহণে অবিলম্বে জাতীয় শ্রম কনভেনশন আয়োজন করা, রাজনৈতিক দলগুলো যেন তাদের ইশতেহারে কমিশনের সুপারিশ অন্তর্ভুক্ত করে সে বিষয়ে দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন ইত্যাদি। —বিজ্ঞপ্তি










