পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত মুনাফা বেড়েছে ৪১ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮৪ পয়সায়। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৩ হিসাব ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫০ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে এসবিএসি ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ২ পয়সা (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসবিএসি ব্যাংক। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ।










