ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ৮০১ নং হলে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. আহসানুল হাদী। সভাপতিত্ব করেন এনএসইউইয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান।
কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আব্দুল খালেক বলেন, মহানবী (সা.) মানব কল্যাণের দূত হিসেবে পৃথিবীতে এসেছিলেন। তিনি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন। তার জীবন ও কর্মকে অনুসরণ করে জীবনকে আরো অর্থবহ করে তুলতে হবে।
আলোচনায় আহসানুল হাদী বলেন, মহানবী (সা.) মনুষ্যত্ব ও নৈতিকতার প্রয়োজনে পৃথিবীতে আগমন করেছিলেন। তিনি অন্ধকারে নিমজ্জিত এক জাতিকে সভ্য ও সমৃদ্ধ জাতিতে পরিণত করেছিলেন। তার জীবন ও কর্ম সমগ্র বিশ্বের জন্য অনুসরণীয়। কোনো জাতি তার আদর্শ ধারণ করতে পারলে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।
বিশেষ অতিথি বেনজীর আহমেদ বলেন, মহানবী (সা.) ছিলেন জ্ঞানের প্রতীক। মানবজাতির সংস্কারের জন্য আল্লাহ তাকেই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার আদর্শ ও শিক্ষা অনুসরণ করে জীবনকে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি আজিজ আল কায়সার বলেন, মহানবী (সা.) আরব জাতিকে যে শিক্ষা দিয়েছিলেন তা বিশ্বের সব জাতির জন্যই অনুকরণীয়। বর্তমান অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ তার জীবনী।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, মহানবী (সা.) এর শিক্ষা অনুসরণ করে জীবনকে আলোকিত করার চেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. আহসানুল হাদী।
—বিজ্ঞপ্তি










