রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক ‘ইনফরমেশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট’ সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘অ্যাক্সেস টু অ্যাকশন: রি-থিংকিং ইন ইনফরমেশন প্র্যাকটিসেস ইন এআই’। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগ এ আয়োজন করে। এতে দেশী-বিদেশী গবেষক, শিক্ষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য দেন ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক দিলারা বেগম।
বক্তব্যে উপাচার্য শামস রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, কৃষি ও নিরাপত্তা খাতসহ জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলছে। তবে ব্যবহারের আগে এর ভালো ও মন্দ দিক সম্পর্কে জানা জরুরি। তার মতে, এআই ভুলভাবে ব্যবহার হলে আর্থিক ক্ষতি ও ক্রেতাদের অসন্তুষ্টির মতো সমস্যা হতে পারে। পাশাপাশি কোন তথ্য সত্য, কোনটা বিভ্রান্তিকর বা ভুয়া তা নির্ণয় করাও কঠিন হয়ে পড়ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাপানের হাজিমে শিরাসাকা, জার্মানির অধ্যাপক বার্ন্ড মার্কশেফেল ও ফ্রান্সের অধ্যাপক জ্যঁ-শার্ল ল্যামিরেল। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন।
সম্মেলনে বাংলাদেশ, নেপাল, ফিনল্যান্ড, ভারত, ফিলিপাইন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের গবেষকরা অংশ নিয়েছেন। এতে ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।
—বিজ্ঞপ্তি










