বিদেশী ক্রেতাদের কাছ থেকে প্রাপ্ত অগ্রিম রফতানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। আজ (বৃহস্পতিবার) এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের ৩১ জুলাই বাংলাদেশ ব্যাংকের ইএফ সার্কুলার নং ৩১-এর ২১ অনুচ্ছেদ অনুযায়ী, রফতানির বিপরীতে অগ্রিম আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। তবে রফতানিকারকদের নগদ প্রবাহ বৃদ্ধি ও রফতানি বাণিজ্য সহজ করতে এ আদেশ প্রত্যাহার করা হলো। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন নির্দেশনায় আরো উল্লেখ করা হয়েছে, এ ক্ষেত্রে রফতানিকারকের নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে, যার ভিত্তিতে পণ্য রফতানি করা হবে। রফতানিকারকের পূর্ববর্তী রফতানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে ও অর্ডার বাস্তবায়নের জন্য যথেষ্ট সক্ষমতা থাকতে হবে। এছাড়া অগ্রিম প্রাপ্ত অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।