চীনের পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান শনাক্তের পর এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় আলি-এক্সপ্রেস, টেমু ও শেইনসহ চীনা ই-কমার্স প্লাটফর্মগুলোর বিক্রি ৪০ শতাংশ কমে গেছে। দেশটির বৃহত্তম আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান বিসি কার্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
প্রতিবেদন অনুসারে, এপ্রিলে চীনের ই-কমার্স প্লাটফর্মগুলোর পেমেন্ট আগের মাসের তুলনায় ৪০ শতাংশ কমে গেছে। একই সময় লেনদেনের পরিমাণ কমেছে ৩৮ দশমিক ১ শতাংশ। পণ্যের নিরাপত্তা নিয়ে দক্ষিণ কোরিয়ার ক্রেতাদের উদ্বেগের কারণে বিক্রিতে এমন প্রভাব পড়তে পারে।
এ সময় ৫ হাজার ওনের (৩ ডলার ৬৯ সেন্ট) কম দামের পণ্য বিক্রিতে পেমেন্ট কমেছে ৫৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে ৫- ১০ হাজার ওন দামের পণ্যে ৪২ শতাংশ ও ১০-৩০ হাজার পর্যন্ত দামের পণ্যে ৩৫ দশমিক ২ শতাংশ পেমেন্ট কমে গেছে। প্লাটফর্মগুলোয় বিক্রি হওয়া পণ্যের অর্ধেকের দামই ৩০ হাজার ওনের নিচে।
প্রসঙ্গত, গত মাসে দক্ষিণ কোরিয়ার শুল্ক বিভাগ চীন থেকে আমদানি হওয়া ৪০৪টি পণ্যের মধ্যে ৯৬টিতে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান শনাক্ত করে। দেশটির ইনচিওন আন্তজার্তিক বিমানবন্দর ও সমুদ্রবন্দর দিয়ে আলি এক্সপ্রেস ও টেমু এসব পণ্য আমদানি করছিল।
তবে চীনের পণ্য বিক্রির নিম্নহার বেশি দিন স্থায়ী হবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সিউলভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান দ্য ভয়েস ফর কাস্টমারসের সেক্রেটারি জেনারেল জিয়ং জি-ইয়েন বলেন, ‘আকর্ষণীয় দামের কারণে এমন অবস্থা বেশি দিন থাকবে না। তবে ক্ষতিকারক পদার্থের বিস্তার ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
এদিকে চীনা পণ্যের সঙ্গে সঙ্গে বেচাকেনা কমেছে কোরিয়ান ই-কমার্স প্রতিষ্ঠানগুলোরও। এপ্রিলে আগের মাসের তুলনায় তাদের পেমেন্ট কমেছে ৪ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে শুধু ৫ হাজার ওনের কম মূল্যের পণ্যে প্রায় ৩০ শতাংশ পেমেন্ট কমেছে।










