হাইব্রিড মডেলের প্রথম ৯১১ স্পোর্টস কার বাজারে এনেছে জার্মানভিত্তিক বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোরশে। গাড়ি নির্মাণ শিল্প যখন জীবাশ্ম জ্বালানি থেকে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে ঝুঁকছে ঠিক তখন পোরশে নিজেদের প্রথম হাইব্রিড স্পোর্টস কার বাজারে আনল। পোরশে ৯১১ ও ৭১৮ মডেলের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক মোসার এক বিজ্ঞপ্তিতে বলেছেন, একটি হাইব্রিড সিস্টেমের জন্য আমরা আইডিয়া নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছি। পরিশেষে যেটা ৯১১ মডেলের সঙ্গে মানায় সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন ৯১১ ক্যারেরা জিটিএস মডেলটি ২.৯ সেকেন্ডের মধ্যে এর গতি শূন্য থেকে প্রতি ঘণ্টায় ৬০ মাইলে ওঠাতে পারে, যা এর আগে নন হাইব্রিড মডেল থেকে শূন্য দশমিক ৩ সেকেন্ড দ্রুতগতির। ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারে গাড়িটি। গাড়িটিতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন, গাড়ির ভেতরে রয়েছে অত্যাধুনিক সব হালনাগাদ প্রযুক্তি। এ মডেলের গাড়িটির সর্বনিম্ন দাম ১ লাখ ৬৪ হাজার ৯০০ ডলার। গাড়িটির অর্ডার এরই মধ্যে নেয়া শুরু করেছে পোরশে। এখন অর্ডার দিলে গাড়ি পাওয়া যাবে চলতি বছরের শেষ দিকে। সম্প্রতি বৈদ্যুতিক বা হাইব্রিড মডেলের গাড়ি নির্মাণের দিকে ঝুঁকছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। পোরশে বলছে, ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী তাদের মোট বিক্রির ৮০ শতাংশই হবে বৈদ্যুতিক গাড়ি। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ৭৭ হাজার ৬৪০টি গাড়ি বিক্রি করেছে পোরশে, যা ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকের চেয়ে ৪ শতাংশ কম। এর আগে চলতি বছরের শুরুর দিকে পোরশে ঘোষণা দিয়েছিল তাদের পরবর্তী প্রজন্মের বক্সস্টার এবং কেম্যান ২-ডোর স্পোর্টস গাড়িগুলোও বৈদ্যুতিক হবে। প্রতিষ্ঠানটির নির্বাহীরা বলেছিলেন, আইকনিক ৯১১ সিরিজের স্পোর্টস গাড়িটি সম্পূর্ণ বৈদ্যুতিক প্লাটফর্মে রূপান্তর হওয়া পোরশের শেষ তেলচালিত গাড়ি হবে। প্রসঙ্গত, জার্মান স্পোর্টস কার প্রতিষ্ঠানটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে ভক্সওয়াগন গ্রুপের মালিকানাধীন। খবর ও ছবি: সিএমবিসি
৯১১ মডেলের প্রথম হাইব্রিড স্পোর্টস কার বাজারে আনল পোরশে
হাইব্রিড মডেলের প্রথম ৯১১ স্পোর্টস কার বাজারে এনেছে জার্মানভিত্তিক বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোরশে।










