নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে নরসিংদীতে তিনদিনব্যাপী ডিজিটাল কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ৩০ জন নারী উদ্যোক্তা।
সম্প্রতি নরসিংদীর কো-অপারেটিভ জোনাল ইনস্টিটিউটে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে নারী উদ্যোক্তাদের নিবিড় প্রশিক্ষণ, পরামর্শদান ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দেয়া হয়। তাদের ব্যবসা সম্প্রসারণ ও বাজারে প্রবেশের পথ তৈরির পাশাপাশি দেশের অন্য নারীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নও উদ্বুদ্ধ করা হয়।
এ প্রশিক্ষণ ছিল ব্র্যাক ব্যাংকের সিগনেচার উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র অংশ, যা গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো নারীদের অর্থায়ন, পরামর্শ ও দক্ষতা উন্নয়নের সুবিধা সহজলভ্য করা এবং তাদের ব্যবসায়িক জ্ঞান ও ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি করা।
কর্মশালায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রশিক্ষকেরা ই-কমার্স ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যবসায়ে সফল হওয়ার কৌশল হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিডিওএসএন সভাপতি মুনীর হাসান এবং ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের হেড অব কটেজ অ্যান্ড মাইক্রো বিজনেস কাজী দিলরুবা আক্তার।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, নারী উদ্যোক্তারা দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি। ‘আমরাই তারা’র মাধ্যমে তাদের অর্থায়নের পাশাপাশি ডিজিটাল জ্ঞান সমৃদ্ধ করছি, যাতে নারীরা পরিবর্তনশীল বাজারে সফল হতে পারেন। নারী উদ্যোক্তারা সফল হলে সমাজ সমৃদ্ধ হয় ও জাতীয় অর্থনীতিও শক্তিশালী হয়।
এ পর্যন্ত ব্র্যাক ব্যাংক দেশের ২০টি জেলায় তিন হাজারেরও বেশি নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচি দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন, সক্ষমতা উন্নয়ন ও ডিজিটাল সরঞ্জামের ব্যবহার শেখানোর মাধ্যমে ব্র্যাক ব্যাংক তাদের ব্যবসা গড়ে তুলতে সহায়তা করছে। এভাবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার প্রতিশ্রুতি জানিয়েছে ব্যাংকটি।
—বিজ্ঞপ্তি










