বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম. শমশের আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন এক যুক্ত শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।
২০০২ সালে সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ড. এম. শমশের আলী। পরমাণু পদার্থবিজ্ঞানসহ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক জার্নালগুলোতে তার বহু গবেষণা প্রকাশিত হয়েছে।
তিনি হরি প্রসন্ন রায় স্বর্ণপদক ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক লাভ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে ও পরে সাউথইস্ট ইউনিভার্সির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দেশের উচ্চশিক্ষা খাতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তিনি নানা লেখালেখি, আলোচনা অনুষ্ঠান, রেডিও ও টেলিভিশনে সক্রিয় ছিলেন। বিজ্ঞান ও সংস্কৃতির সংযোগ, বিজ্ঞান ও ধর্মের সম্পর্ক এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে তার কাজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।
তার গড়ে তোলা শিক্ষার্থী, সহকর্মী ও অনুসারীদের মাধ্যমে তার কাজ ও চিন্তা চর্চা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করে সাউথইস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তারা জানান, শিক্ষাক্ষেত্রে ড. শমশের আলীর দূরদৃষ্টি, নিষ্ঠা ও শ্রেষ্ঠত্ব সবসময় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
—বিজ্ঞপ্তি










