গতকাল রাজধানীর সিএ ভবনের আইসিএবি অডিটোরিয়ামে এসব অ্যাডেনডাম স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে আইসিএবির প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেদওয়ানুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, পরিচালক মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। স্বাক্ষরিত অ্যাডেনডামের আওতায় আইসিএবি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলো স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশায় আকৃষ্ট করতে যৌথভাবে কাজ করবে। প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষার্থীরা সিএ পাঠ্যক্রমে ক্রেডিট ফর প্রায়র লার্নিং বা সিপিএল ও এক্সেম্পশন সুবিধা নিতে পারবেন।
আইসিএবি জানিয়েছে, এ উদ্যোগের ফলে মেধাবী শিক্ষার্থীরা তুলনামূলক কম সময়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের পেশাদার হিসাববিদ হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ আরো সম্প্রসারণ হবে।
এ সহযোগিতার আওতায় কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও পার্ট কোয়ালিফায়েড শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও গবেষণায় অংশগ্রহণের সুযোগও তৈরি হবে। ফলে প্রাতিষ্ঠানিক ও পেশাগত শিক্ষার মধ্যে দ্বিমুখী সম্পৃক্ততা বাড়বে এবং অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিষয়ে শিক্ষার মানোন্নয়নে তা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।










