গাড়ির বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড (এমঅ্যান্ডএম)। অটোমোটিভ ব্যবসায় কোম্পানিটি তিন বছরে ২৬ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে। খবর দ্য হিন্দু।
নতুন বিনিয়োগে প্রাধান্য পাচ্ছে হাল প্রযুক্তির গাড়ি। সাম্প্রতিক এক ঘোষণায় এমঅ্যান্ডএম জানিয়েছে, বিনিয়োগের ১২ হাজার কোটি রুপি খরচ হবে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতে। এ পরিকল্পনা বাস্তবায়ন করবে মাহিন্দ্রা ইলেকট্রিক অটোমোবাইল লিমিটেড (এমইএএল)।
২০২৫ ও ২০২৭ অর্থবছরে নতুন ধরনের গাড়ি ও এ খাতে সক্ষমতা তৈরিতে বিনিয়োগ করবে এমঅ্যান্ডএম। এর মধ্যে এসইউভি খাত পাবে সাড়ে ৮ হাজার কোটি রুপি বিনিয়োগ, পাশাপাশি বাণিজ্যিক গাড়ি খাতে বিনিয়োগ হবে ৪ হাজার কোটি রুপি। এছাড়া সরঞ্জাম ব্যবসায় খরচ হবে আরো ৫ হাজার কোটি রুপি।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ব্যবস্থাপনা পরিচালক আনিশ শাহ জানান, এ বিনিয়োগে প্রাধান্য পেয়েছে জ্বালানিনির্ভর এসইউভি ও ইভি। এ দুই খাতে বাজার সম্প্রসারণ হওয়ায় বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানিটি আশা করছে, চলতি আর্থিক বছরে মাঝারি থেকে উচ্চ প্রবৃদ্ধি দেখবে। এছাড়া ২০২৭ সালের মাধ্যমে তাদের নির্মিত ৩০ শতাংশ এসইউভি হবে বিদ্যুচ্চালিত।
২০২৫ অর্থবছরের শেষ নাগাদ এসইউভি উৎপাদন পাঁচ হাজার ইউনিট ও ইভি ১০ হাজার ইউনিটে উন্নীত হবে বলে আশা করছে। ২০২৬ অর্থবছরে আরো আট হাজার ইউনিট ইভি যোগ হবে বলে আশা করছে। তবে এ সময়ে এসইউভির মোট সক্ষমতা ৭২ হাজার ইউনিট উন্নীত হবে। এছাড়া মাহিন্দ্রার লাইনআপে রয়েছে নয়টি নতুন আইসিই এসইউভি, সাতটি বর্ন ইলেকট্রিক ভেহিকল (বিইভি), সাতটি লাইট কর্মাশিয়াল ভেহিকলসহ (এলসিভি) অন্যান্য মডেল।
ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) মাহিন্দ্রার বিদ্যুচ্চালিত প্লাটফর্মে বিনিয়োগের চূড়ান্ত ধাপের সময়সীমা বাড়িয়ে দেয়ার মাঝে নতুন এ বিনিয়োগের খবর এসেছে। বিআইআই এ পর্যন্ত ১ হাজার ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছে। এছাড়া সিঙ্গাপুরভিত্তিক টেমাসেক বিনিয়োগ করেছে ৩০০ কোটি রুপি। ২০২২ সালে ১ হাজার ৯২৫ কোটি রুপি বিনিয়োগ চুক্তি ঘোষণা করেছিল বিআইআই। চুক্তি অনুযায়ী টেমাসেক আরো ৯০০ কোটি রুপি বিনিয়োগ করবে।
এদিকে সর্বশেষ অর্থবছরে গাড়ি বিক্রিতে প্রবৃদ্ধি দেখেছে এমঅ্যান্ডএম। ২০২৩-২৪ অর্থবছরে প্রথমবারের মতো কোম্পানিটি এক লাখ ইউনিট গাড়ি বিক্রি করে।










