একীভূতকরণ প্রক্রিয়ায় কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ৩ জুন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা বা ইজিএম আয়োজন করে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এসএম শামছুল আলমের সভাপতিত্বে ইজিএমে ডিজিটেক একীভূতকরণ প্রস্তাবকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন ওয়ালটন হাই-টেকের শেয়ারহোল্ডাররা।
সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এসএম মাহবুবুল আলম, উদ্যোক্তা পরিচালক এসএম নূরুল আলম রেজভী ও এসএম রেজাউল আলম, পরিচালক এসএম মঞ্জুরুল আলম অভী, তাহমিনা আফরোজ, রাইসা সিগমা হিমা ও সাবিহা জারিন অরনা, স্বতন্ত্র পরিচালক ড. সাদিকুল ইসলাম ও জোহরা বিবি।
ইজিএমে শেয়ারহোল্ডারদের উদ্দেশে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, ‘ওয়ালটন ডিজিটেককে ওয়ালটন হাই-টেকের সঙ্গে একীভূত করার এ প্রস্তাব মূলত একটি সমৃদ্ধ আগামীর স্বপ্ন। এ সিদ্ধান্ত ওয়ালটনের প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমকে আরো এক ধাপ এগিয়ে নেবে। এ একীভূতকরণ শুধু দুটি প্রতিষ্ঠানের সমন্বয় নয়; এটি আমাদের প্রযুক্তি, মানবসম্পদ, গবেষণা-উন্নয়ন সক্ষমতা ও বাজার সম্প্রসারণ কৌশলকে একটি অভিন্ন শক্তিতে রূপান্তর ঘটাবে।’










