দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ক্যাবল শিল্পে পা রাখল আকিজ বশির গ্রুপ। আজ বুধবার (৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আকিজ বশির গ্রুপ ও এমিনেন্স ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড ক্যাবলস লিমিটেডের মধ্যে সম্পত্তি অধিগ্রহণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় আকিজ বশির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘আকিজ বশির এনার্জি লিমিটেড’ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক মানের নিরাপদ ও টেকসই ওয়্যার ও ক্যাবলস উৎপাদন শুরু করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের মধ্যেই বাজারে তাদের নিজস্ব পণ্য সরবরাহ শুরু হবে। এক ছাদের নিচে সব ধরনের ওয়্যার ও ক্যাবলস উৎপাদনের ব্যবস্থা থাকছে নতুন এই শিল্প কারখানায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তসলিম মো. খান, প্রধান পরিচালন কর্মকর্তা খোরশেদ আলম, ক্যাবল অপারেশনের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ ওমর ফারুক। এছাড়া এমিনেন্স ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাসিউল হক, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভির, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানমসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও অংশীদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

আকিজ বশির গ্রুপ জানিয়েছে, আধুনিকতা, নিরাপত্তা ও মানের ক্ষেত্রে তারা কোনো আপস করবে না। এই মূলনীতিকে সামনে রেখেই তারা ক্যাবলস শিল্পে যাত্রা শুরু করেছে, যা ভবিষ্যতে দেশের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

—বিজ্ঞপ্তি