ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ডিআইএস) গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার রূপায়ণ সিটিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের সহ-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান, অক্সফোর্ড এ-কিউ-এ (বাংলাদেশ ও নেপাল) এর কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারওয়াত মাসুদা রেজা এবং রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। এছাড়া ড্যাফোডিল গ্রুপের সিওও ড. মোহাম্মদ ইমরান হোসেন, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের উপপরিচালক সামিহা খান, ডিআইএস এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহানা খান ও অধ্যক্ষ নাজাহ সালাওয়াতসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য, শিক্ষার্থীদের অভিজ্ঞতা উপস্থাপন ও সনদ দেয়ার কর্মসূচি ছিল। ড. মো. সবুর খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরাই হলো আলোকবর্তিকা। তিনি জানান, বর্তমানে বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের সময় পার করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ভূমিকা রাখছে। ভবিষ্যতে রোবট, ড্রোন ও প্রযুক্তি মানুষের কাজের জায়গা দখল করবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

রূপায়ণ গ্রুপের সহ-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে বলেন, সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবাইকে নিতে হবে। জ্ঞান, চরিত্র ও অধ্যবসায় দিয়ে শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিআইএস উত্তরা ক্যাম্পাসের অধ্যক্ষ নাজাহ সালাওয়াত বলেন, গ্র্যাজুয়েশন শুধু শিক্ষাজীবনের একটি ধাপ নয়, এটি উচ্চশিক্ষার প্রস্তুতি ও বৈশ্বিক নাগরিক হিসেবে দায়িত্ব পালনের প্রতিফলন। এই মুহূর্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গৌরবের, যা ভবিষ্যতের আলোকিত সম্ভাবনার প্রতীক।

—বিজ্ঞপ্তি