বিয়ের সাজানো মুহূর্ত যারা নানা কারণে ধরে রাখতে পারেননি, তাদের জন্য নতুন এক অভিজ্ঞতার আয়োজন করে বার্জার লাক্সারি সিল্ক। ‘মালদ্বীপ ওয়েডিং ড্রিমস’ শিরোনামের এই ক্যাম্পেইনে অংশ নেয়া পাঁচ দম্পতির স্বপ্নের ফটোশ্যুট এবার বড় পর্দায় দেখানো হলো ঢাকায়। সম্প্রতি উত্তরা স্টার সিনেপ্লেক্সে এই আয়োজনের গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
অনেকে সময়, বাজেট কিংবা উপযুক্ত ব্যবস্থার অভাবে পছন্দের মতো বিয়ের ছবি তুলে রাখতে পারেন না। জীবনের বিশেষ মুহূর্ত মিস করে তারা অনেক সময় আফসোস নিয়ে বাকি জীবন কাটান। সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণতা দিতে গত বিয়ের মৌসুমে ব্যতিক্রমধর্মী এই ক্যাম্পেইন চালু করে বার্জার লাক্সারি সিল্ক। ক্যাম্পেইনের অংশ হিসেবে পাঁচ দম্পতির জন্য মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আয়োজন করা হয় এক স্বপ্নময় ফটোশ্যুট। এটাই ছিল তাদের জন্য ‘সেকেন্ড চান্স’—আবারো সেই মুহূর্ত ফিরে পাওয়ার সুযোগ।
শত শত আবেদনকারীর মধ্য থেকে পাঁচ দম্পতিকে বেছে নেয়ার কাজ করেন বার্জার লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়াসহ কয়েকজন তারকা বিচারক। নির্বাচিত দম্পতিরা তাদের হৃদয়ছোঁয়া গল্প আর ছবির মাধ্যমে বিচারকদের মন জয় করেন। গত ১২ ফেব্রুয়ারি তারা মালদ্বীপের উদ্দেশে রওনা দেন।
‘ওয়েডিং গ্ল্যামশ্যুট’ ক্যাম্পেইনের এই ফটোশ্যুটগুলোর ভিডিও পর্ব আগামী ৮, ১৫ ও ২২ আগস্ট রাত সাড়ে ৯টায় দীপ্ত টেলিভিশনে সম্প্রচার হবে। দর্শকরা চাইলেই এটি দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবেন।
প্রিমিয়ার অনুষ্ঠানে মালদ্বীপে ধারণ করা দৃশ্যগুলো বড় পর্দায় সিনেমার মতো করে দেখানো হয়। ছিল সিনেম্যাটিক অভিজ্ঞতার বিশেষ আয়োজন। মালদ্বীপের স্বর্গীয় পরিবেশে ধারণ করা ভালোবাসার মুহূর্তগুলো বড় পর্দায় আরো জীবন্ত হয়ে ওঠে। অতিথিরা এসব কনটেন্টের নান্দনিকতা ও সিনেমাটোগ্রাফিতে মুগ্ধ হন।
অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, বার্জার লাক্সারি সিল্ক সবসময়ই গ্রাহকদের জীবনে স্মরণীয় মুহূর্ত তৈরি করতে কাজ করে। ‘ওয়েডিং গ্ল্যামশ্যুট’ ক্যাম্পেইনের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।
তিনি আরো বলেন, এটি শুধু রঙের গল্প নয়, বরং স্বপ্নকে সত্যি করার আন্তরিক প্রচেষ্টা। মালদ্বীপের মনোমুগ্ধকর পরিবেশে ভালোবাসার গল্পগুলো বাস্তব রূপ পেয়েছে। আমরা তা দর্শকদের জন্য একটি জাঁকজমকপূর্ণ সিনেম্যাটিক প্ল্যাটফর্মে তুলে ধরতে পেরে গর্বিত।
বিদ্যা সিনহা মিম বলেন, এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। দম্পতিদের ভালোবাসা উদযাপনের এমন সুযোগ দিয়ে বার্জার লাক্সারি সিল্ক নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ তৈরি করেছে। মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পাঁচ দম্পতির আবেগ—সবকিছুই ছিল জাদুকরী।
তিনি আরো বলেন, একবার ভাবুন, মালদ্বীপে তোলা ছবিগুলো যদি তাদের বার্জার লাক্সারি সিল্কে রাঙানো দেয়ালে ঝুলে থাকে, স্মৃতির সঙ্গে রঙের এমন সংযোগ দারুণ এক ব্যাপার। মালদ্বীপে আমরা সবাই মিলে দারুণ সময় কাটিয়েছি, আজকের এই সন্ধ্যায় সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে ভালো লাগছে।
—বিজ্ঞপ্তি










