চীনের বাজারে টেসলার মডেল ওয়াইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হয়েছে স্থানীয় কোম্পানি নিওর অনভো এল৬০। সম্প্রতি প্রকাশ্যে আসা এ বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) মূল্য টেসলার ওয়াই মডেলের চেয়ে অন্তত ১০ শতাংশ কম। এর মূল্য ২ লাখ ১৯ হাজার ৯০০ ইউয়ান বা প্রায় ৩০ হাজার ৪৬৫ ডলার। বিপরীতে মডেল ওয়াইয়ের বর্তমান মূল্য ২ লাখ ৪৯ হাজার ৯০০ ইউয়ান। সাংহাইয়ে সম্প্রতি এল৬০ মডেলের উন্মোচন করেন নিওর প্রধান নির্বাহী ইউলিয়াম লি। কোনো রাখঢাক না রেখেই তিনি জানান, টেসলার ওয়াই মডেল ও টয়োটার আরএভি৪-এর সঙ্গে পাল্লা দেয়াই তাদের উদ্দেশ্য। নতুন এ মডেলের সরবরাহ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার শুরুটা খুব একটা ভালো হচ্ছে না এল৬০-এর। কেননা মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ শুল্ক বাধার মুখে পড়েছে চীনা কোম্পানিগুলো। এছাড়া চীনা ইভির ওপর ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকিবিরোধী তদন্তকে বলা হচ্ছে মড়ার উপর খাঁড়ার ঘা। প্রতিযোগিতা বৃদ্ধি ও বেচাকেনা কমায় বিশ্বজুড়ে ইভি কোম্পানিগুলো খারাপ সময় পার করছে। গত মাসে এ খাতে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে টেসলা। কোম্পানিটি বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) লভ্যাংশ আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেকে নেমে গেছে। অন্যদিকে নিম্ন চাহিদা ও মূল্য কমানোর প্রতিযোগিতার কারণে একই সময় লভ্যাংশ কমেছে চীনের শীর্ষস্থানীয় ইভি নির্মাতা বিওয়াইডির। খবর বিবিসি ও ছবি অটোকার