ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফল-২০২৫’ অনুষ্ঠিত হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আমির রাশেদ খান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক ইশতেকমাল হোসেইন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একদল সফল সাবেক শিক্ষার্থী।

অ্যালামনাইদের মধ্যে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম, সিলিকন কম্পিউটিং লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসির ফিরোজ, এনএসি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির উৎপাদন প্রধান মাসুদ রানা এবং বিজ পার্টনার ৩৬০ এলএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৌম্য সুপ্রিয়া।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদের মধ্যে রয়েছেন ৯ম শিতরউ কারাতে-দো ওপেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে ৭টি পদক বিজয়ী ৫ শিক্ষার্থী, জেসিআই বাংলাদেশ উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০২৫ অর্জনকারী বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, স্পোগোমি ওয়ার্ল্ডকাপ-বাংলাদেশ কোয়ালিফায়ারে অংশ নেয়া ইসিও ফাইটার্স দল, ১৬তম হেনরী ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ ড্যাফোডিল মুট কোর্ট এর সদস্যরা এবং সুইজারল্যান্ডভিত্তিক উদ্যোগ এসআইএম কিউবেটর থেকে চার লক্ষ আশি হাজার টাকা অনুদান পাওয়া শিক্ষার্থী তাসনিমুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও সফলতাগুলো ভিডিও চিত্রের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। উপাচার্য প্রফেসর ড. এম. আর কবির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক এবং জীবনমুখী দিক-নির্দেশনা দেন। তিনি তাদের একজন সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পাশাপাশি ক্যাম্পাসের সুযোগ-সুবিধাগুলো কাজে লাগানোর পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান তার ভিডিও বার্তায় বলেন, নবীনদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। তারা উদ্ভাবনী ও নতুন অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আন্তর্জাতিকভাবে বৃদ্ধি করবে। তিনি তাদের মানবিক ও রাষ্ট্রীয় সম্পদ হিসেবে নিজেকে তৈরি করতে আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে নবীনদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

—বিজ্ঞপ্তি