এরই ধারাবাহিকতায় চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) প্রথমবারের মতো কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইটের চীনা ভাষা কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার। সিআইইউর সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইটের পরিচালক ড. কাজী মো. সাইফুল আসপিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওইয়ান, পরিচালক অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী এবং নিউ এরা ফ্যাশনস এমএফআরএস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ঝাং ওয়েনশেং। বক্তারা বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারে চীনা ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারে চীনা ভাষাশিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ‘বিশ্ব অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যে চীনের ক্রমবর্ধমান ভূমিকার কারণে চীনা ভাষা এখন শুধু বিদেশী ভাষা হিসেবে সীমাবদ্ধ নেই; বরং শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ দক্ষতায় পরিণত হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যকার শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত হওয়ায় চীনা ভাষায় দক্ষ মানবসম্পদের চাহিদাও ক্রমেই বাড়ছে।’
তারা আরো বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার উদ্যোগ চীনা ভাষাশিক্ষাকে নতুন গুরুত্ব দিয়েছে। সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষার মতো তৃতীয় ভাষাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে চীনা ভাষা শেখার সুযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’
চলতি বছরের ২৯ জানুয়ারি সিআইইউতে কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে চীনা ভাষাশিক্ষা, চীনা সংস্কৃতি সম্পর্কে ধারণা প্রদান এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।










